প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ২:৩৫ পিএম

ময়মনসিংহের ভালুকায় বোমার হামরঅ ও গুলি করে একটি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দলের গুলিতে দোকান মালিক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর সদরের শহীদ নাজিম উদ্দিন রোডের প্রদীপ জুয়েলার্সে এ ডাকাতি হয়। দোকান মালিকদের দাবি, সংঘবদ্ধ ডাকাত দল দুইশ' ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।
দোকান মালিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দলের ৪ জন অতর্কিতভাবে দোকানে ঢুকে দোকান মালিক অধীর কর্মকার ও তাঁর বড় ভাই কৃষ্ণ কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে মালপত্র লুট করার চেষ্টা চালায়। একপর্যায়ে দুই ভাই বাধা দিলে ডাকাত দল তাদের বেদম মারধর ও দোকানের শোকেস ভাঙচুর করে মালপত্র লুট করতে থাকে। এ সময় দোকানের সামনে অবস্থানকারী ডাকাত দলের কয়েকজন সদস্য ৪টি বোমার বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণের বিকট শব্দে ও ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই ডাকাত দল মালপত্র নিয়ে দোকান মালিক অধীর কর্মকারের হাঁটুতে এক রাউন্ড ও ফাঁকা এক রাউন্ড গুলি ছুড়ে সড়কের বিপরীত পাশে অবস্থানকারী একটি প্রাইভেটকারে উঠে গফরগাঁওয়ের দিকে দ্রুত চলে যায়। গুরুতর আহত অবস্থায় দোকান মালিক অধীর কর্মকারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত সাড়ে ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন ও পুলিশ সুপার আহমার উজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
-জ/আ