প্রকাশ: বুধবার, ১৩ জুলাই, ২০২২, ৫:০৫ পিএম আপডেট: ১৩.০৭.২০২২ ৫:২৩ পিএম

দেশজুড়ে ব্যাপক আলোচিত বীর মুক্তিযোদ্ধা কন্যা ও কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলার তদন্ত কার্যক্রম প্রায় ১১ মাসেও শেষ হয়নি। আদালতে পুলিশ প্রতিবেদন দেয়ার তারিখ শুধু ঘুরছে। চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামি ও ভিকটিমের প্রেমিক বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার তারিখ ১৫ তম বারের মতো পেছালো।
মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১ আগস্টের মধ্যে জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আবারও নির্দেশ দিয়েছেন ঢাকার এক আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. আলাউদ্দিন আজ বুধবার প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। আদালত সূত্র অনুযায়ী, এই মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৫ বারের পেছালো।
গুলশানের বাসা থেকে মরদেহ উদ্ধারের পর গত বছরের ২৬ এপ্রিল ২১ বছর বয়সী মুনিয়ার বড় বোন বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। এজাহারে আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা আবুল হাসান ১৯ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। ১৮ আগস্ট আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং আনভীরকে মামলা থেকে অব্যাহতি দেন।
এরপর ৬ সেপ্টেম্বর কমুনিয়ার বড় বোন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে আবারও মামলা করেন। মামলায় আনভীর এবং আরও ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।