প্রকাশ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ১১:৩২ এএম

স্বামী-স্ত্রী দুজনেই একই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এমন দম্পতি অনেকেই আছেন বালিউডে। সেই তালিকায় গত বছর যোগ হয়- ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এর পরিচালক আদিত্য ধর ও উঠতি অভিনেত্রী ইয়ামি গৌতমের নাম।
‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনার সময়ই আদিত্যর সঙ্গে ইয়ামির সম্পর্ক প্রেমের দিকে গড়ায়। যদিও বালিউডে এসব খবর বাতাসের আগে ছড়ায়; কিন্তু তাদের সম্পর্কের বিষয়টি বেশ চাপা থাকে। তাই তো গত বছর তাঁদের বিয়ের খবর প্রায় সবার কাছেই আসে বড় চমক হয়ে। তাই এখনো সাংবাদিকদের মুখোমুখি হলে ইয়ামির কাছে তাঁর নতুন ছবির চেয়ে বেশি প্রশ্ন থাকে ‘ঘরের খবর’ প্রসঙ্গে। এবার যেমন এক সাংবাদিক তাঁর কাছে জানতে চেয়েছিলেন, বাড়িতে দুজনের বোঝাপড়াটা ঠিক কেমন?
অভিনেত্রী বলেন, ‘দুজন একই পেশায় থাকলে একে অন্যকে সাহায্য করে কি না, সেটা এক কথায় বলা মুশকিল। একেকজনের ক্ষেত্রে বিষয়টা একেক রকম। আমরা দুজন নিজেদের কাজ নিয়ে প্রচুর কথা বলি। আগে আমার কাছে কোনো চিত্রনাট্য আসলে সেটা নিয়ে মা-বাবার সঙ্গে কথা বলতাম। একজন নতুন সদস্য যোগ হয়েছে। সবাই যার যার মতামত দেয়। এটা আমার ক্ষেত্রে খুব কাজে দেয়। আমি আদিত্যর প্রজেক্ট নিয়ে কথা বলি। এখন যে সুপারহিরো ছবিটি করতে চলেছে, সেটার চিত্রনাট্যও পড়েছি। অসাধারণ একটা ছবি হতে চলেছে। আদিত্য অবশ্য আমার ছবির চিত্রনাট্য দেখতে চায় না। কিন্তু অন্য সব বিষয় নিয়ে কথা বলে।’
এ ছাড়া সিনেমা নিয়ে নানা ধরণের আইডিয়া ভাগাভাগি করেন বলেও জানান ‘কাবিল’ অভিনেত্রী। চলতি বছরের প্রথমভাগটা ভালোই গেছে ইয়ামির। ‘আ থাসডে’, ‘দাসভি’ ছবিতে করেছেন বৈচিত্রময় দুই চরিত্রে। বছরের পরের ভাগেও বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।
এর মধ্যে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘লস্ট’-এ তাঁকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়। ‘ওএমজি : ও মাই গড ২’–তে অভিনয় করেছেন অক্ষয় কুমারের সঙ্গে। এই দুই ছবির সাফল্য নিয়ে দারুণ আশাবাদী ইয়ামি। এ ছাড়া স্বামী আদিত্য ধর প্রযোজিত ‘ধুম ধাম’-এও দেখা যাবে তাঁকে। সবমিলিয়ে অভিনেত্রী মনে করেন, চলতি বছর তাঁর ক্যারিয়ারের স্মরণীয় বছর হতে চলেছে।