প্রকাশ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ১১:৫২ এএম

শ্রীলঙ্কার প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা বলেছেন, গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করলে তিনি প্রেসিডেন্ট পদে লড়তে চান। সাজিথ প্রেমাদাসা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তাঁর এই আগ্রহের কথা বিবিসিকে জানিয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন পেতে সাজিথ প্রেমাদাসার দল এসজেবি ইতিমধ্যে মিত্রদের সঙ্গে আলোচনা করেছে। এই আলোচনার পরই সাজিথ প্রেমাদাসা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তাঁর আগ্রহের কথা জানান।
গোতাবায়া রাজাপক্ষে ঘোষণা দিয়েছেন, তিনি চলতি সপ্তাহেই পদত্যাগ করার পরিকল্পনা করছেন। দেশটির পার্লামেন্টের স্পিকার বলেছেন, আইনপ্রণেতারা ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। সাজিথ প্রেমাদাসা বিবিসিকে বলেছেন, তাঁর দল ও মিত্ররা এ বিষয়ে একমত হয়েছে যে প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষিত হলে সে পদে তাঁর মনোনয়ন জমা দেওয়া উচিত।
২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে হেরেছিলেন সাজিথ প্রেমাদাসা। এখন প্রেসিডেন্ট পদ শূন্য হলে তাঁকে সেই পদে জয়ী হতে হলে শাসক জোটের এমপিদের সমর্থন দরকার পড়বে।