প্রকাশ: রোববার, ১০ জুলাই, ২০২২, ১০:১৯ এএম আপডেট: ১০.০৭.২০২২ ১১:৩০ এএম

এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ১৯৫তম ঈদুল আজহার জামাত।
আজ রোববার সকাল ৯টায় ঈদের জামাত শুরু হয়। এতে ইমামতি করেন শহরের মার্কাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান। ঈদের জামাতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ বিশিষ্টজনরাসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে করোনা প্রাদুর্ভাব কমে আসায় দুই বছর পর দেশের সর্ববৃহৎ এই মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছিল। তবে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবার স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে হবে।
জামাতকে কেন্দ্র করে নেয়া হয় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গতকাল শনিবার কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান ওরফে খালেদ বলেন, মুসল্লিদের নিরাপত্তার কথা ভেবে এবারও সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় মুসল্লির সংখ্যা কিছুটা কম হলেও নিরাপত্তার কোনো কমতি নেই। ঈদগাহে দুই প্লাটুন বিজিবি সদস্যসহ বিপুলসংখ্যক র্যাব, আর্মড পুলিশ, সাদাপোশাকের গোয়েন্দা পুলিশ, বোম ডিসপোজাল টিম মোতায়েন ছিলো।