আগামীকাল পবিত্র ঈদুল আজহা
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
প্রকাশ: শনিবার, ৯ জুলাই, ২০২২, ১১:২০ এএম


মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামীকাল রোববার উদযাপিত হবে। আমাদের দেশের মানুষের কাছে ঈদুল আজহা ‘কোরবানির ঈদ’ নামেই পরিচিত। কোরবানির পশু কেনা, তার যত্ন–পরিচর্যাতেই ঈদের মূল প্রস্তুতি ও আনন্দ।

অনেকেই কোরবানির পশু কেনার পর্ব গতকাল শুক্রবার শেষ করেছেন। বাকিরা আজ শেষ করবেন। যাত্রাপথের হাজার দুর্ভোগ, কষ্ট স্বীকার করেও ঈদের আনন্দ পরিবারের সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সবাই পৌঁছে গেছে শেকড়ের কাছে। 

গত দুই বছর মুসলমানদের অন্যতম প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা মানুষ স্বস্তিতে উদ্‌যাপন করতে পারেনি করোনা মহামারির কারণে। এবার ঈদুল আজহার প্রাক্কালে দেশে করোনা আবার বাড়তে শুরু করেছে। সংক্রমণ ও মৃত্যুর হার—দুটিই বাড়ছে।

উপরন্তু এবার কোরবানির ঈদের আগে দেশজুড়ে বন্যায় মানবেতর জীবন যাপন করছে দেশের একটি বৃহৎ অংশের মানুষ। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের চাপের পাশাপাশি এখন যুক্ত হয়েছে বিদ্যুতের লোডশেডিং। সবকিছুরই কালো ছায়া পড়েছে এবারের ঈদ আনন্দে।


ঈদুল আজহার ১০ দিন আগেই ঠিক হয়ে যায় দিনক্ষণ। সে অনুসারে পশু কেনাসহ ঈদের সব প্রস্তুতি সম্পন্ন করে থাকেন সবাই। কোরবানি দেওয়া আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ওয়াজিব। ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হলেও পরের দুই দিন অর্থাৎ ১১ ও ১২ জিলহজেও কোরবানি করার বিধান রয়েছে। আল্লাহর সন্তুষ্টি কামনা করে সমস্ত লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ, স্বার্থপরতা তথা মানুষের ভেতরের পশুত্বকে ত্যাগের মধ্য দিয়ে আত্মশুদ্ধি লাভের ভেতরেই রয়েছে কোরবানির প্রকৃত তাৎপর্য।


রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, ‘কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।’

রাষ্ট্রপতি বলেন, বিগত দুটি বছর বাংলাদেশসহ গোটা বিশ্ব করোনা মহামারির বিভীষিকার মধ্যেই ঈদুল আজহা উদ্‌যাপন করেছে। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এলেও ভবিষ্যৎ সংক্রমণ বৃদ্ধি রোধে যথাযথ সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে। করোনা মহামারি ও বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। এ প্রেক্ষাপটে বিশ্বব্যাপী নিম্ন আয়ের মানুষ নানা সীমাবদ্ধতার মাঝে দিনাতিপাত করছে। তারাও যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং ঈদ উৎসবে শামিল হতে পারে, সে লক্ষ্যে তিনি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি প্রত্যাশা করি, প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিবনির্বিশেষে সবার জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে।’

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানিয়েছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে স্বার্থচিন্তা পরিহার করে মানবকল্যাণ এবং সমাজে শান্তি, ন্যায় প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসুন, আমরা অঙ্গীকার করি, এই “ত্যাগের উৎসবের” দিনে করোনায় বিপন্ন মানুষসহ অসহায়-নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার।’


ঈদের জামাত
 
রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ হবে সকাল আটটায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত হবে। সকাল সাতটায় হবে প্রথম জামাত। এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে জামাতগুলো অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সারা দেশের পাড়া–মহল্লায় মসজিদ, ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদে পশু কোরবানিই প্রধান ইবাদত। ঈদের নামাজ আদায় করে সবাই ব্যস্ত হয়ে পড়বেন কোরবানির জন্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft