প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ১০:৪৯ পিএম

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা দেশে বিচারহীনতার একটি নগ্ন উদাহরণ বলে মন্তব্য করেছেন বক্তারা। আজ শুক্রবার সন্ধ্যায় ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১২ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে বক্তারা এ মন্তব্য করেন।
নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সংগঠনটির সহসভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ত্বকীর বাবা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, ন্যাপের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ প্রমুখ।
ত্বকী হত্যার চিহ্নিত ঘাতকদের গ্রেপ্তার ও বিচার শুরু করার দাবি জানিয়ে আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়। রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যার সাড়ে ৯ বছর অতিবাহিত হলেও সরকারের অঘোষিত ইনডেমনিটির মাধ্যমে বিচারকাজ বন্ধ রাখা হয়েছে। র্যাবের তৈরি করা অভিযোগপত্র আটকে রাখা হয়েছে। র্যাব সংবাদ সম্মেলন করে যাঁদের অভিযুক্ত বলে জানিয়েছে, সরকার ও প্রশাসন তাঁদের নিরাপত্তা দিচ্ছে। ঘাতকেরা এখন বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। ত্বকী হত্যা দেশে বিচারহীনতার একটি নগ্ন উদাহরণ।
রফিউর রাব্বি আরও বলেন, সরকার প্রতিনিয়ত মানুষের বিচার পাওয়ার অধিকারকে ক্ষুণ্ন করছে, সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ন করে চলেছে। স্বাধীনতার আগে ও পরে কখনো মানুষ এত বিপন্নবোধ করেনি। সাড়ে আট বছর আগে ত্বকী হত্যার তদন্ত শেষে অভিযোগপত্র তৈরি হলেও তা আদালতে পেশ করা হয়নি। তিনি সাগর-রুনি, তনুসহ নারায়ণগঞ্জে নিহত আসিক, চঞ্চল, বুলু ও মিঠু হত্যার দ্রুত বিচার দাবি করেন।
অনুষ্ঠানে হালিম আজাদ বলেন, ত্বকীর ঘাতক ওসমান পরিবার চিহ্নিত হলেও তাঁদের বিচারের আওতায় আনা হচ্ছে না। ত্বকী হত্যার বিচারের নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এরপর থেকে ত্বকী হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।