
জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তড়িৎ গতিতে জেলায় বন্যার পানি বাড়বে; এমন অভিজ্ঞতা ছিল না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে সুনামগঞ্জে সেনাবাহিনী পাঠানো হয়েছে। যতদিন প্রয়োজন তারা সেখানকার মানুষের সেবা করবে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জের বন্যা পরবর্তী আইনশৃঙ্খলা ও ত্রাণ কার্যক্রমসহ আর্থিক বিষয়ে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সুনামগঞ্জে সেনাবাহিনী পাঠানো হয়েছে। তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেনা সদস্যরা জেলায় থাকবেন। যতদিন প্রয়োজন হবে ততদিন তারা থাকবেন এবং মানুষের সেবা করে যাবেন।
মন্ত্রী আরও বলেন, আমরা খবর পাচ্ছিলাম যে ঘণ্টায় ঘণ্টায় পানি বাড়ছে। এত দ্রুত গতিতে যে পানি বেড়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতা ছিল না।
তিনি আরও বলেন, ১৯৮৮, ৯৮, ২০০৪ সালে আমরা বন্যা মোকাবিলা করেছি। এবার আমি যখন খবরটা জানতে পারলাম তখনই ডিআইজির সঙ্গে কথা বললাম। জানতে পারলাম বিদ্যুৎ চলে গেছে, সে সময় বিজিবির সিওকে জানালাম। তাকে বললাম, আপনি দ্রুত আপনার এলাকাগুলোয় চলে যান এবং উদ্ধার তৎপরতা চালান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল; তারপরও উদ্ধার তৎপরতা চালানো হয়েছে, মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী মতবিনিময় সভায় বন্যা পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানিয়েছেন। বন্যার্ত অঞ্চলে সেনা ও নৌ বাহিনী আছে। যখনই প্রয়োজন হবে, কোস্ট গার্ড পাঠিয়ে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জে ফায়ার সার্ভিসের ডুবুরি বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি আমলে নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে অঞ্চলটিতে ডুবুরি দল পাঠিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ ১-আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহসহ প্রমুখ।
-জ/অ