প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৬:৪০ পিএম

কারা হেফাজত আরও ১৫ দিন বাড়ানো হয়েছে প্রশান্ত কুমার (পিকে) হালদার এবং তার পাঁচ সহযোগীর।
মঙ্গলবার (০৫ জুলাই) এই আদেশ দিয়ে কলকাতার বিশেষ সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (সিবিআই) আদালতের বিচারপতি জীবনকুমার সাধু বলেন, তাদের ফের আদালতে হাজির করতে হবে ২০ জুলাই। জানা যায়, হালদার ও তার সহযোগীদের দুই আইনজীবী আলী হায়দার এবং সোমনাথ ঘোষ আজ এজলাসে উপস্থিত ছিলেন না।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী অরিজিত চক্রবর্তী পরে সাংবাদিকদের বলেন, পিকে হালদার এবং তার সহযোগীদের জেরা করে ভারতের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গেছে। সম্ভবত এদের নামও চার্জশিটে থাকবে। বাংলাদেশের কিছু প্রভাবশালীর নামও পাওয়া গেছে বলে জানা যায়।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই চার্জশিট আদালতে পেশ করা হবে। আইনজীবী অরিজিত চক্রবর্তী জানান, ২০ জুলাই চার্জশিট আদালতে পেশ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পিকে হালদার এবং তার সহযোগীদের নামে ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইন এবং ২০০২-এর প্রিভেনশন অব মানিলন্ডারিং আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পিকে হালদারকে গ্রেফতার করে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারা পিকে হালদারের পাঁচ সহযোগীকেও গ্রেফতার করেন।
প্রসঙ্গত, পিকে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি পিপলস লিজিংয়ের সঙ্গেও জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাত হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। পিকে হালদার সিন্ডিকেটের বিরুদ্ধে অদ্যাবধি ৩৪টি মামলা করা হয়েছে। অভিযোগ ওঠার পরই দেশ থেকে পালিয়ে যান পিকে হালদার।
-জ/অ