প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৮:১৬ পিএম

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেছেন, জনগণ সচেতন হলে প্রত্যাশিত ভূমি সেবা পাবেন তারা। সবাই সমানভাবে এগিয়ে আসলে এ খাতে কাজের প্রত্যাশিত গতি আসবে। জনগণ সহজে সেবা পাবে। দূর হবে ভোগান্তি।ফেনীতে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
এসময় তিনি আরও বলেন, ভূমি এমন একটা বিষয়, বিশ্বের প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ এটার সাথে জড়িত। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, সে হিসেবে এখানকার সব মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমির সাথে জড়িত। ভুমি সেবা বিষয়ে জনগণকে সচেতন করার জন্য এ ভূমি সপ্তাহ। দেশ ডিজিটাল হচ্ছে, ভুমি সেবাকেও যুগেপোযুগী করা হয়েছে। এখন ভূমি সেবা ঘরে বসেই পাচ্ছে জনগণ। খাজনা ও নামজারিসহ ভূমি বিষয়ক সকল কার্যক্রম এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করতে পারছে মানুষ।
ফেনী জেলা ও ফেনী সদর উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম জাকারিয়া, ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদ খোন্দকার, জেষ্ঠ সাংবাদিক আবু তাহের, সাংবাদিক দিলদার হোসেন স্বপন।
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভুঞা।
ভূমি সেবা গ্রহীতাদের মধ্যে বক্তব্য রাখেন সালাহ উদ্দিন, খোদেজা আক্তার প্রমূখ।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেরা ভূমি কর্মকর্তার পুরষ্কার অর্জন করেন পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরীন আখতার, ফাজিলপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা হাফিজুল্লাহ। সোনাগাজী পৌর উপসহকারী কর্মকর্তা তাজুল ইসলাম।