প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৩:০৪ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার বাহেরচর থেকে পশ্চিম কাছিপাড়া (গোপালিয়া) পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার এলাকায় কারখানা নদীর ভাঙন ভয়াবহ রুপ ধারণ করেছে। দিন দিন বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা। কখন রসতঘর ভেঙে যায় এমন আতঙ্কে রয়েছেন কাছিপাড়া ইউনিয়নের অনেক পরিবার।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ভাঙ্গন কবলিত এলাকায় বাহেরচর ও গোপালীয়া দু’টি বাজার, ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও তিনটি সাইক্লোন শেল্টার রয়েছে। এর মধ্যে নদী ভাঙ্গনের কবলে ঝুঁকিতে রয়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সাইক্লোন শেল্টার, সরকারি ভবন, কাঁচা-পাকা সড়কসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
ভাঙ্গণ কবলিত গোপালিয়া গ্রামের ভুক্তভোগীরা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে ভাঙন চলছে। হাজিপুর নামের একটি গ্রামসহ বাহেরচর থেকে গোপালিয়া পর্যন্ত শত শত ঘরবাড়ি ইতিমধ্যে নদীর অতল গর্ভে হারিয়ে গেছে। নিঃস্ব হয়ে গেছে বহু পরিবার। নদীর পানি বৃদ্ধি পেলে ভাঙ্গন আরও বাড়বে।