প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১২:০৫ পিএম

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের নতুন কমিটি দেয়া হয়েছে। শুক্রবার (১৩ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়। ইডেন মহিলা কলেজে কমিটির সহ-সভাপতি পদ পেয়েছেন সুস্মিতা বাড়ৈ।
তিনি বিবাহিত হয়েও এ পদ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগটির সত্যতা যাচাই করতে যাওয়ায় এক সংবাদকর্মীকে অকথ্য ভাষায় গালাগালি করেন সুস্মিতা বাড়ৈ নামের ছাত্রলীগ নেত্রী।
ওই কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তিনি শনিবার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে সকলের কাছে ক্ষমা চেয়েছেন।
রবিবার ফেসবুকে দুঃখপ্রকাশ করে সুস্মিতা বলেন, যে কল রেকর্ড টা ফাস হয়েছে তখন আমার কমিটির প্রেসারে মানসিক অবস্থা ভালো ছিলো না। আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। যার কারণে সাংবাদিক ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি যার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী।
আগেরদিন শনিবার আরেক পোস্টের মাধ্যমে সুস্মিতা বাড়ৈ বলেন, কাল (শুক্রবার) যখন ইডেন কলেজের কমিটি হয়। তারপর থেকেই কল আসা শুরু হয়। একের পর এক কল কেউ অভিনন্দন দিচ্ছেন কেউ বা খোচা দিচ্ছেন কেউ বা বাজে কথা বলছেন। একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে ফোনে সাংবাদিক ভাইকে কথাগুলো বলেছি যেটা সম্পুর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে কথা গুলো বলেছি।
অভিযোগ পাওয়া যায়, ২০১৮ সালের ১ জুলাই চিরঞ্জিৎ রায় নামে এক ব্যক্তিকে বিয়ে করেন সুস্মিতা। নোটারি পাবলিকের কার্যালয়ে তাদের দুজনের করা ‘হিন্দু বিবাহের হলফনামা’র একটি কপিও পাওয়া যায়।
ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কেউ ছাত্রলীগের পদ পাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে সুস্মিতার বক্তব্য জানতে চান এক গণমাধ্যমকর্মী। অভিযোগ অস্বীকার করেন তিনি।
তার বিরোধীপক্ষ এই হলফনামা বানিয়ে ছেড়ে দিয়েছে বলেও দাবি করেন সুস্মিতা। এ সময় গদব্যাখ্যা দিয়ে দেওয়ার পর আরেক ছাত্রলীগ নেত্রীর বিষয়ে পালটা অভিযোগ দেন। এক পর্যায়ে ওই গণমাধ্যমকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কথোপকথনের অডিও কল রেকর্ডটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।