ফেনী সেন্ট্রাল হাই স্কুলের অনিয়ম ও নানা বিষয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পৌর কাউন্সিলর আশরাফুল আলম গীটার।
কমিটি প্রসঙ্গে আশরাফুল আলম গীটার জানান, সেন্ট্রাল হাই স্কুলের নানা অনিয়মের বিষয় খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিদ্যালয়ের দাতা সদস্য মোশারফ হোসেন ভূঞাকে প্রধান করা হয়েছে। এছাড়া কোনো ধরনের স্বজনপ্রীতি যেনো না হয়, সেজন্যে কমিটিতে কোনো শিক্ষক প্রতিনিধি রাখা হয়নি।
তদন্ত কমিটি প্রসঙ্গে জানতে চাইলে মোশারফ হোসেন ভূঞা জানান, বিদ্যালয়ের সভাপতি এবং প্রধান শিক্ষকের উপস্থিতিতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। যেখানে আমাকে প্রধান করা হয়েছে। কোন বিষয়ে তদন্ত হবে তা এখনও অবগত নই। চিঠি হাতে পেলে বিস্তারিত জানতে পারবো।
উল্লেখ্য, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের নানা অনিয়মের বিষয় তুলে ধরে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। যেখানে সিলেবাসে সহায়ক বই বাধ্যতামূলক করা, করোনাকালীন খন্ডকালীন শিক্ষকদের অব্যাহতি, শিক্ষকদের সামাজিকভাবে অপদস্থ করা, করোনাকালেও প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বেতন বাড়ানো, এ্যাসাইনমেন্টের জন্য অর্থ ও বাড়তি ক্লাস ফি আদায় এবং বর্তমানে সরকারের নিয়মিত ক্লাস নেয়ার নির্দেশনা উপেক্ষা করে দুই ঘন্টা ক্লাস করিয়ে ছুটিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।