প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৪:৪৯ পিএম

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার। আর সে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিলো কিলিয়ান এমবাপেকে। তবে পিএসজির সঙ্গে দ্বন্দের জেরে আমন্ত্রণ প্রত্যাখান করেছেন ফরাসি তারকা। আর নেতিবাচক মন্তব্যের জেরে ইংলিশ কোচ সাউথগেটের ওপর চটেছে বিশ্বকাপ আয়োজক কমিটি। এদিকে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস জাদুঘর চালু করেছে কাতার।
এখনো প্রায় সাত মাস বাকি। অথচ দ্য গ্রেটেস্ট শো আর্থের আবহ বেশ আগেভাগেই নিয়ে এলো ফিফা। বুধবার প্রকাশ পেয়েছে কাতার বিশ্বকাপের অফিসিয়াল বল। আর শুক্রবার গ্রুপ পর্বের ড্র।
তবে তার একদিন আগে বিতর্ক উস্কে দিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে। ড্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিলো এ ফরাসি তারকাকে। তবে সরাসরি তা প্রত্যাখান করেছেন এমবাপে। ইউরোপিয়ান মিডিয়ায় গুঞ্জন কাতারের মালিকানাধীন ক্লাব পিএসজির সঙ্গে সম্পর্কের অবনতি এর মূল কারণ।
কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির সঙ্গে দ্বন্দে জড়িয়েছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটও। চলতি মাসেই তিনি বলেছিলেন, নারী ও সমকামীরা বিশ্বকাপ উপভোগ করতে কাতারে যেতে স্বাচ্ছন্দবোধ করবে না। আর এটা লজ্জাজনক। এতেই ক্ষেপেছে আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের। শব্দ চয়নের ক্ষেত্রে আরো সতর্ক হবার আহবান জানিয়েছেন। এমনকি সাউথগেটের সঙ্গে সরাসরি আলোচনাও করতে চান তিনি।
বিশ্বকাপের বছরে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া জাদুঘর উদ্বোধন করেছে কাতার। দোহায় প্রায় ১৯ হাজার স্কয়ার মিটারের এ জাদুঘরটি বিশ্বকাপ ভেন্যুর খুব কাছে। রোম অলিম্পিকে স্বর্ণ জয়ী মোহাম্মদ আলীর গ্লাভস থেকে পেলের জার্সি এমনকি মাইকেল শুমাখারের ফেরারি গাড়িও আছে এখানে। ১৫ বছরের পরিকল্পনা আর সংগ্রহ শেষে চালু হলো এ চোখ ধাঁধানো জাদুঘর।