প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১০:০০ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ১০:৪০ পিএম

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনের সড়কে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ। বুধবার রাতে রাজধানীর ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া এ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ পরস্পরের দিকে ইট-পাটকেল ছুড়ে ও কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিংয়ের ছাদ থেকে এবং ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মিরপুর সড়ক থেকে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করেন। নিউমার্কেট থানার ডিউটি অফিসার বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
এসময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরিত হয় বলেও জানিয়েছেন সেখানে থাক হকার মিজান। ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট ট্রাফিক অঞ্চলের সহকারী কমিশনার হারুন উর রশীদ রাত সোয়া ৯টায় গণমাধ্যমকে বলেন, “শিক্ষার্থীরা সংঘাতে জড়ালে ওপাশ থেকে রাস্তা বন্ধ করে, যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।”
রাত ১০টায় ঢাকা কলেজের সামনে একদল ছাত্রকে লাঠিসোঁটা হাতে মহড়া দিতে দেখা গেছে। আর টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করছিল।