গল্পে, আড্ডায়, গানে স্মরণ করা হলো অজি কিংবদন্তীকে
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৯:২৮ পিএম


গল্পে, আড্ডায়, গানে স্মরণ করা হলো প্রয়াত কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্নকে। প্রাদেশিক স্মরণ সভার আয়োজন করা হয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যেখানে ছিলো শেন ওয়ার্নের পুরো পরিবার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন হাজির ছিলেন। আর এমসিজির সাউদার্ন স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে শেন ওয়ার্নের নামে।

কিংবদন্তীর মৃত্যু নেই। তিনি অমর হয়ে থাকেন যুগের পর যুগ শতাব্দি থেকে শতাব্দি। ৪ মার্চ। শেন ওয়ার্নের অকাল প্রয়াণ নাড়িয়ে দিয়েছিলো ক্রিকেট বিশ্বকে। গেলো সপ্তাহে পারিবারিকভাবে হয় শেষকৃত্যানুষ্ঠান। আর বুধবার ভিক্টোরিয়া প্রদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এ অজি কিংবদন্তীকে।

শেষ বিদায় জানাতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জমায়েত হন ৫০ হাজার দর্শক। পরিবার, বন্ধু, আত্মীয়-স্বজন ছাড়াও ছিলেন সাবেক ক্রিকেটার থেকে হলিউড তারকারা।

অনুষ্ঠান শুরু হয় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত দিয়ে। গেয়েছেন ডন ব্র্যাডম্যানের দৌহিত্রী গ্রেটা ব্র্যাডম্যান। এরপর অনুষ্ঠানের সঞ্চালক এডি ম্যাকগুয়ের স্বাগত জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে। ছিলেন সাবেক সরকার প্রধান জন হাওয়ার্ডও।

শেন ওয়ার্নের বাবা, মা, ভাই, তিন সন্তান আবেগজড়িত কণ্ঠে শেন ওয়ার্নকে স্মরণ করেন।

সামার ওয়ার্ন বলেন,  ‘বাবা, তুমি তোমার নাতি–নাতনিদের দেখতে পাবে না। কিন্তু আমি আমার বাচ্চাদের বলব, তুমি কত অসাধারণ বাবা ছিলে। বাবা পৃথিবীতে সবচেয়ে বেশি তোমাকেই মিস করি।’ 

জ্যাকসন ওয়ার্ন বলেন, ‘আমি যেদিন জীবনের প্রথম ক্রিকেট ম্যাচ খেলি, তুমি আমাকে বলেছিলে, “মাঠে নামো এবং উপভোগ করো। কারণ, তুমি আনন্দে থাকলে ভালো জিনিস এমনিতেই আসবে।” ওই ম্যাচে আমি সেভাবেই খেলেছি। আমি হ্যাটট্রিক করেছিলাম। সেই স্মৃতি আমি কখনো ভুলব না।’

কেইথ ওয়ার্ন বলেন, ‘আমাদের পরিবার প্রিয় ছেলেকে হারিয়েছে। জেসন হারিয়েছে তার প্রিয় ভাইকে। ব্রুক, জ্যাকসন ও সামার হারিয়েছে অসাধারণ এক বাবাকে। শেন জীবনটাকে ভালোবাসত, ভালোবাসত ক্রিকেট। ও নিজেই বলত, “আমি ধূমপান করতাম, আমি মদপান করতাম আর অল্প অল্প ক্রিকেট খেলছি।” শান্তিতে ঘুমাও বাবা।’

শেন ওয়ার্নের বিদায়ী সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তায় কিংবদন্তীকে স্মরণ করেন আরেক কিংবদন্তী শচীন টেন্ডুলকার। তিনি বলেন, ‘সে সবসময় আউট করার উপায় ‍খুঁজে বেড়াতো।’ ইউনিস খানের মতে, নেতা হতে ওয়ার্নের অধিনায়কত্বের দরকার ছিল না। বল অব দ্য সেঞ্চুরিতে বোকা বনে যাওয়া ইয়ান বেলের বিশ্বাস, ‘ওয়ার্নের চেয়ে অসাধারণ ও পাওয়ারফুল উপস্থিতি আর কারো নেই।’

এরপর এমসিজির সাউদার্ন স্ট্যান্ড আনুষ্ঠানিকভাবে শেন ওয়ার্নের নামে নামকরণ করা হয়।

অ্যালান বোর্ডার, মার্ক টেলর, নাসের হুসেইন, ব্রায়ান লারা, ব্রেট লির মতো কিংবদন্তীরাও স্মরণ করেন অজি লেজেন্ডকে।

শেন ওয়ার্নের পছন্দের সব গান শোনাতে এদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ছিলেন মিউজিক লেজেন্ড জন স্টেভেন্স, রবি উইলিয়ামস, এল্টন জন, ক্রিস মার্টিনরা। কাইলি মিনোগ, হিউ জ্যাকম্যান, রাসেল ক্রো মতো হলিউড তারকারাও আবেগী বার্তা দিয়েছেন।

গল্প আড্ডা আর স্মৃতিতে ঘুরে ফিরে এসেছেন এ বর্ণিল তারকা। এভাবেই তো থাকতে চেয়েছেন সবার প্রিয় শেন ওয়ার্ন। গত ৪ মার্চ থাইল্যান্ডে মারা যান ওয়ার্ন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft