কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল প্রকাশ করলো এডিডাস
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৯:২৭ পিএম


কাতার বিশ্বকাপে মেসি-নেইমার-রোনালদো-এমবাপ্পেদের পায়ে যে ফুটবল কথা বলবে সেই অফিশিয়াল বলটির উন্মোচন আজ হয়ে গেছে। বলটি তৈরি করেছে এডিডাস। বলের নাম দেয়া হয়েছে ‘আল রিহলা’।

১৯৭০ সাল থেকেই ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস বিশ্বকাপের বল তৈরি করে আসছে। প্রতিটি বলের পেছনে কোনো না কোনো ভাবনা ছিল, এবার কী আছে? আরবি শব্দ আল রিহলার অর্থ দ্য জার্নি। কাতারের স্থাপত্য, নৌকা ও পতাকার ডিজাইন থাকছে এই বলে। দীর্ঘ গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর জার্মান প্রতিষ্ঠান এডিডাস এই বল নিয়ে এসেছে। বিশ্বকাপের জন্য এডিডাসের ডিজাইন করা ১৪তম বল এটি। যা আগের যে কোনো বিশ্ব আসরের চেয়ে গতিময় ও দিকসম্পন্ন। শিগগিরই বলটি বিশ্ব ভ্রমনে বের হবে। আর ১২ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে।

এই বলের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে ফিফার ওয়েবসাইটে বলা হচ্ছে, বিশ্বকাপ ইতিহাসে বাতাসে সবচেয়ে দ্রুতগতির বল হবে এটি। ম্যাচে গতি আরও বাড়ানোর উদ্দেশ্যেই বলটির নকশা এভাবে করা হয়েছে। 

আল রিহলা নিয়ে আশাবাদী ফিফার বিপণন বিভাগের পরিচালক জঁ-ফ্রাঁসোয়া পাথি, ‘অ্যাডিডাসের কাছ থেকে দেখতে অসাধারণ, টেকসই, অনেক উঁচু মানসম্পন্ন একটা ম্যাচ বল এটি। কাতারে বিশ্ব শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেদের সেরা ছন্দে থাকা বিশ্বের সেরা তারকারা এই বলে খেলা উপভোগ করবেন। উপভোগ করবেন বিশ্বজুড়ে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়েরাও’।

ফিফা জানাচ্ছে, তথ্যগত অনেক বিশ্লেষণের পর বানানো বলটাকে অ্যাডিডাসের পরীক্ষাগারে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। বাতাসের টানেলে ভাসিয়ে দেখা হয়েছে। মাঠে ফুটবলাররাও এই বলে এরই মধ্যে খেলে দেখেছেন। বলের ওপরের দিকের চামড়ার গুণগত মান ও প্যানেল আকৃতির কারণে খেলার দিক থেকে আল রিহলা পুরোপুরি নিখুঁত ও ভরসা করার মতো বলে জানাচ্ছে ফিফা।

ফিফা জানিয়েছে, আল রিহলার এই জ্বলজ্বলে রং আসলে বিশ্বকাপের স্বাগতিক দেশ এবং দিন দিন বাড়তে থাকা খেলার গতিকে বোঝাতেই করা হয়েছে। ইকার ক্যাসিয়াস, কাকা, ফারাহ জেফরি ও নউফ আল আনজির মতো কিংবদন্তীরা প্রথম বলটিকে জনসমক্ষে নিয়ে আসবেন। এরপর আল রিহলা বিশ্বজুড়ে ১০টি শহরে ঘুরবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft