ডাকাতি মামলায় ৯ জনের ৭ বছরের কারাদন্ড
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ২:০৮ পিএম আপডেট: ২৯.০৩.২০২২ ২:১৫ পিএম



ফেনীর ছাগলনাইয়ায় ১৯ বছর আগের একটি ডাকাতির মামলায় ৯ জনের ৭ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের একই সঙ্গে প্রত্যেক আসমিকে ৭ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস করে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। সোমবার বিকেলে ফেনীর যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ রোকন উদ্দিন কবির এ রায় ঘোষণা করেন।

দন্ডিত ব্যক্তিরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠানগড় এলাকার মো. ইসহাক ভূঞার ছেলে আনিসুল হক, আবদুস সাত্তার সওদাগরের ছেলে জাহাঙ্গীর মিস্ত্রী, পাঠানগড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম। দক্ষিণ সতর এলাকার ফয়েজ আহাম্মদের ছেলে মো. হানিফ, কাশিপুর এলাকার আবদুস কুদ্দুসের ছেলে নিজাম উদ্দিন, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর এলাকার রুহুল আমিন মাষ্টারের ছেলে মহিউদ্দিন, ফেনী পৌরসভার বারাহীপুর এলকার মমতাজ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম, দাগনভূঁঞা উপজেলার কৃষ্ণরামপুর এলাকার আজিজুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন তুহিন, সত্যপুর এলাকার লকিয়ত উল্যার ছেলে মহিউদ্দিন সাইফুল। রায় ঘোষনার সময় শুধুমাত্র জাহাঙ্গীর মিস্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। অন্য ৮ জন আসামী পলাতক রয়েছেন।

আদালত সূত্র ও মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০০৩ সালের ২২ জানুয়ারি ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের দক্ষিণ সতর নদীর কুল এলাকার হাজী মন্তু মিয়ার বাড়িতে সংঘবদ্ধ একদল ডাকাত দল প্রবেশ করে। ডাকাতদল নগদ ২৫ হাজার টাকা সহ প্রায় ৯৩ হাজার ৮শ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা হাজী মন্তু মিয়া বাদি হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ৭ মাস পর একই বছরের ২৭ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ আদালতে অভিযোগপত্র জমা দেন। পরবর্তী বছরের ১৮ মে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আদালত সূত্র জানায়, ডাকাতির অভিযোগে দন্ডবিধির ৩৯৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদন্ড ও প্রত্যেক আসামীকে ৭ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেন আদালত।

রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্তদের মধ্যে  একমাত্র জাহাঙ্গীর মিস্ত্রী উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা মূলে ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তার বা আত্মসমর্পনের পর অপর আসামীদের দন্ড কার্যকর হবে। অভিযোগ প্রমাণে মোট ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়।

আদালতের সহকারী সরকারী কৌসুলী (এপিপি) এনামুল করিম খোন্দকার ছাগলনাইয়ার নদীর কুল এলাকায় এক বাড়ীতে ডাকাতির ঘটনার রায়ে ৯ জন আসামীর প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদন্ড, প্রত্যেক আসামীকে ৭ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদন্ডের আদেশ প্রদানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দন্ডপ্রাপ্ত ৯জন আসামীর মধ্যে শুধুমাত্র একজন আসামী আদালতে উপস্থিতছিলেন। অন্য ৮ জন পলাতক রয়েছে। তারা গ্রেপ্তার অথবা আত্মসর্পনের পর তাদের সাজা কার্যকর হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft