র‌্যাবের নিষেধাজ্ঞা এখনই উঠছে না: মার্কিন প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৭:০০ পিএম


তিন মাসে র‌্যাবের কর্মকাণ্ডে উন্নতি দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি জটিল এবং কঠিন উল্লেখ করে নিষেধাজ্ঞা এখনই উঠছে না বলে জানিয়েছেন দেশটির আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

রবিবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অষ্টম অংশীদারিত্ব সংলাপের পর তিনি এ কথা জানান। সংলাপে বাংলাদেশের পক্ষ থেকে র‌্যাবের অগ্রগতির নথিপত্র যুক্তরাষ্ট্রকে দেয়া হয়। তবে, বিষয়টি নিয়ে আরো আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, র‌্যাবের ওপর যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। এতে জঙ্গি তৎপরতা বাড়তে পারে। সংলাপে এছাড়াও নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, করোনা পরিস্থিতি এবং রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে।

যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, আমরা সম্প্রতি র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগের কথা তুলে ধরেছি। পাশাপাশি এটাও বলেছি যে, র‌্যাবের ওপর এই নিষেধাজ্ঞা সন্ত্রাসবাদ দমনে কতটা চ্যালেঞ্জ হবে। র‌্যাবের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে সমস্ত তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছি। এ নিয়ে নানা আলোচনা চালিয়ে যাব।

এদিকে, যথেষ্ট উদ্বেগ ছিল বলেই যুক্তরাষ্ট্র র‌্যাবের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছিল উল্লেখ করে মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, আমরা র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম নিয়ে উদ্বিগ্ন ছিলাম। গত তিন মাসে আমরা কিছুটা উন্নতি দেখতে পেয়েছি, তবে বিষয়টি এখনও জটিল এবং কঠিন।

এসময় রাশিয়া-ইউক্রেন ইস্যুতে মানবাধিকারের পক্ষে বাংলাদেশকে কাজ করার আহ্বান জানান ভিক্টোরিয়া নুল্যান্ড। তিনি জানান, রাশিয়া যা করছে তা বিশ্বশান্তির জন্য হুমকি। এছাড়া জিসোমিয়া বা অস্ত্র বিক্রির চুক্তি নিয়েও আলোচনার কথা জানান ভিক্টোরিয়া নুল্যান্ড।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft