ওয়ার্নের কফিনে মেয়ের শেষ চুমু
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৬:৪৮ পিএম


কাছের মানুষদের উপস্থিতিতে কিংবদন্তী লেগ স্পিনার শেন কিথ ওয়ার্নের প্রথম দফার শেষকৃত্য হয়ে গেল। মেলবোর্নে তার কাছের আত্মীয় ও বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন। ছিলেন ওয়ার্নের তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামার; বাবা-মা কিথ ও ব্রিগেট এবং ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার তিন সাবেক অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বোর্ডার, মাইকেল ক্লার্করা। এছাড়াও ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, সাবেক তারকা পেসার মার্ভ হিউজ ও গ্লেন ম্যাকগ্রা, সাবেক তারকা ব্যাটার মার্ক ওয়াহ ও ইয়ান হিলিও।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম বলছে, ৮০ জনের মতো ব্যক্তি ওয়ার্নের এ পারিবারিক বিদায় অনুষ্ঠানে শামিল ছিলেন। তাদের মধ্যে ছিলেন বন্ধু, সাংবাদিক, খেলার মাঠের সতীর্থ ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও। 

সেইন্ট কিলদা ফুটবল ক্লাবে হওয়া এই অনুষ্ঠানে ওয়ার্নের কাছের বন্ধু ও টেলিভিশন ব্যক্তিত্ব এডি ম্যাকগুইর স্তুতিবাক্য পাঠ করেন। তিনি বলেন, ‘ওয়ার্ন মানুষের জন্য খেলেছে। সে ছিল সুপারম্যান। বাচ্চারা যা কিছু করার স্বপ্ন দেখেন, ওয়ার্ন সব করেছেন। সে হ্যাটট্রিক করেছে, ৭০০ উইকেট নিয়েছে। গ্যাটিংকে (বল অব দ্য সেঞ্চুরি) ওই বলটা করেছে।’

ওয়ার্নের শেষকৃত্যে আমন্ত্রিতদের সবাইকে সেইন্ট কিলদা স্কার্ফ পরতে বলা হয়। পাশাপাশি ওয়ার্নের কফিনে দুটি স্কার্ফ দিয়ে মুড়িয়ে দেয়া হয়। তার কফিন একটি গাড়িতে ভরে পুরো মাঠ ঘুরিয়ে আনা হয়।

ওয়ার্নের ছেলে জ্যাকসন ও মেয়ে সামার বাবার কফিনে চুমু খেয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় সেইন্ট কিলদা ফুটবল ক্লাব মাঠে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

ওয়ার্নের এই বিদায়ে ছিলেন না সাবেক স্ত্রী এলিজাবেথ হারলি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ওয়ার্নের সঙ্গে একটা ছবি দিয়ে এখনও ওয়ার্নের মৃত্যু মেনে নিতে না পারার কথা জানান এলিজাবেথ। তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ব্যথিত শেন ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকতে পারবো না বলে। আমার শ্যুটিং ছিল গতরাতে, সময়ের কারণে শারিরীকভাবে যেতে পারছি না। এই ছবিগুলো শ্রীলঙ্কায় তোলা হয়েছিল আমাদের অ্যাঙ্গেজম্যান্ট উদযাপন করতে। আমাদের সব সন্তানরা সঙ্গে ছিল, সময়টা ছিল আনন্দের।’

প্রসঙ্গত, এবার শুধুমাত্র কাছের মানুষদের নিয়ে হলেও, আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয়ভাবে হবে ওয়ার্নের শেষকৃত্য। যেখানে লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ বিদায় জানানো হবে ওয়ার্নকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft