প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৫:৩৯ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৯:০৭ এএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৯ সালে আমরা সরকার গঠনের পর থেকেই বিএনপি বলে আসছে আমাদের দিন ঘনিয়ে আসছে। তারা যতই বলছে জনগণ ততই আমাদের পক্ষে আসছে।
রোববার (২০ মার্চ) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছে। তাদের ঘণ্টা বাজানোতে জনগণ সাড়া দেয়নি। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে আওয়ামী লীগের সঙ্গে আছে। আগামীতেও বিপুল ভোটে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে।
ড. হাছান মাহমুদ জানান, সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত সুখী দেশের সুচকে বাংলাদেশ আগের চেয়ে ৭ ধাপ এগিয়ে গেছে। এই করোনার মধ্যেও বাংলাদেশে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। আগে আমাদের অবস্থান ছিল ১০১ বর্তমানে ৯৪। যেখানে ভারতের অবস্থান ১৩৬ পাকিস্তানের অবস্থান ১২৬ । আমরা ভারত পাকিস্তান থেকেও এগিয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রেসক্লাবে গিয়ে বিএনপি ঘরানার সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছে। তারা যে কথা বলছে জাতিসংঘের এই রিপোর্টের পরে তাদের লজ্জা হওয়া উচিত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে সংবাদপত্র ও গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করে তা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। যেভাবে প্রধানমন্ত্রী গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। গত ১৩ বছরে যেভাবে গণমাধ্যমের বিকাশ ঘটেছে এবং স্বাধীনতা ভোগ করছে তা অনেক উন্নত ও উন্নয়নশীল দেশেও নেই।