মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৩০ এএম

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে শনিবার সন্ধ্যায় চা-চক্রের আয়োজন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্য নিয়ে সরকারি সফরে শনিবার মালদ্বীপ পৌঁছান ড. খলিলুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশটি সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে তিনি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের মতে, এ সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে এবং ভবিষ্যতে অংশীদারিত্ব আরও বিস্তৃত হবে।

সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. খলিলুর রহমান। এছাড়া মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিদ্যমান সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই দেশ অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর। সফর শেষে তিনি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দেশে ফিরবেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft