প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৭:১৫ পিএম

কাতার বিশ্বকাপের পর থেকে বর্তমানে বেশ কঠিন সময় পার করছে ব্রাজিলের জাতীয় ফুটবল দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে সংগ্রাম করছে। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দলটি পাঁচ নম্বরে অবস্থান করছে। আসন্ন বছর ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের প্রতিটি ম্যাচই বিশ্বকাপের পথে এক একটি ধাপ।
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে প্রতিটি দেশ। ব্রাজিল এই পর্যন্ত ৫টি জয়, ৪টি হার এবং ৩টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। তাই এখনও সুযোগ থাকলেও, একটুও ভুলের জায়গা নেই ব্রাজিলের জন্য।
বর্তমান অবস্থান ধরে রাখতে এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ব্রাজিলকে আসন্ন ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে হবে। কলম্বিয়া, আর্জেন্টিনা, চিলি ও বলিভিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলো দলটির ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। প্রস্তুতি ম্যাচগুলোতেও নিজেদের শক্তি যাচাই করার সুযোগ পাবে সেলেসাওরা।
ব্রাজিলের ফুটবল ইতিহাস সমৃদ্ধ হলেও, বর্তমান পরিস্থিতি তাদের জন্য চ্যালেঞ্জিং। তাই ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোদের মতো খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স দেখাতে হবে। ব্রাজিল সমর্থকরা আশা করছে, দলটি তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করে ২০২৬ সালের বিশ্বকাপে আবারও দুর্দান্ত কিছু করবে।