প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৭:২০ পিএম

থামছেই না সীমান্তবর্তী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীতে অবৈধ বালু উত্তোলন। যার ফলে হুমকিতে পড়েছে নাকুগাঁও স্থলবন্দর, নাকুগাঁও ব্রিজ, ভোগাই ব্রিজ ও রাবার ড্যাম এবং বসতবাড়িসহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। এই বালু উত্তোলনের পেছনে অনেক সময় হাত থাকে প্রভাবশালী বালু খেকোদের। অবৈধ বালু উত্তোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় ইজারা'কে।
সরেজমিন জানা যায়, ইজারা পাওয়া মাত্রই অনেক সাইডে শর্ত ভঙ্গ করা হয়। পরিমাণের চেয়ে অধিক বালু উত্তোলনে নদীতে গভীর গর্তের সৃষ্টি হয়, ভেঙে যায় পাড়। এভাবে দিনের পর দিন বালু উত্তোলন চলতে থাকলেও এবার মুখ খুলেছে স্থানীয় সচেতন সাধারণ জনগণ।
গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলা পরিষদের সামনে বালু মহালের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ জনগণ। এসময় ভোগাই ও চেল্লাখালী নদীর বালুমহালের ইজারা বাতিলসহ সবধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক আপন সরকার ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সামাদ। এসময় বক্তারা উপজেলা প্রশাসন কর্তৃক বারবার অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনার পরও অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বালু মহালের ইজারা বন্ধের দাবী জানান।
পরে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।