নতুন আইজিপি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৯:১২ পিএম আপডেট: ২০.১১.২০২৪ ৯:২২ পিএম

চার বছর আগে পুলিশের চাকরি থেকে অবসরে যাওয়া বাহারুল আলমকে নতুন আইজিপি করা হয়েছে এবং আওয়ামী লীগ আমলে চাকরি হারানো শেখ সাজ্জাদ আলীকে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।

নতুন আইজিপি বাহারুল আলম বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন এবং শেখ সাজ্জাদ আলী বর্তমান ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

এদিকে পুলিশের ৩৩তম মহাপরিদর্শক (আইজিপি) হয়েছেন বাহারুল আলম। তিনি একসময় পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ছিলেন। তিনি ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। তাকে নতুন আইজিপি করা হয়েছে বলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান , আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে। ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাদ আলী।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেয়া হয়। তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাবন্দী। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশির ভাগ কর্মকর্তাকেই চাকরি থেকে অবসর দেয়া হয়। সরকার পতনের পরপরই মো. ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেয়া হয়েছিল। এর কিছু দিনের মধ্যে ডিএমপি কমিশনার করা হয়েছিল মো. মাইনুল হাসানকে। এখন পুলিশপ্রধানের পাশাপাশি ডিএমপি কমিশনারের পদেও পরিবর্তন আনা হলো।
জানা যায়, বাহারুল আলম পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে তিনি ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেছেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান। 


এছাড়াও গতকাল বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। নতুন ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া শেখ সাজ্জাদ আলী আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারান।
নতুন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বিসিএস পুলিশ ক্যাডারে ১৯৮৪ সালে পুলিশে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন। তা ছাড়া সাজ্জাত আলী লক্ষ্মীপুরের পুলিশ সুপার ছিলেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এ ছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানেও ডিআইজির দায়িত্ব পান। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন। মেধাবী, কর্মঠ ও সৎ পুলিশ অফিসার হিসেবে বাহিনীতে সুনাম আছে সাজ্জাত আলীর। পুলিশের এই কর্মকর্তার বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়।


গত সোমবার শেখ মো. সাজ্জাত আলীর চাকরি পুনর্বহাল করে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর মামলা নম্বর ৩৩/২০১৭-এর ৩ সেপ্টেম্বরের রায় অনুযায়ী পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশানুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আইজিপি   ডিএমপি কমিশনার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft