প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৭:৪৪ পিএম

৪৬তম বিসিএস প্রিলিমিনারি প্রার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৩ এপ্রিল পিএসসির ওয়েবসাইটে কেন্দ্র ও আসন বিন্যাস তালিকার পাশাপাশি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
পিএসসির নির্দেশনায় বলা হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী কেন্দ্রে ঢুকতে পারবেন না।
পরীক্ষাকেন্দ্রের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধসামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের কেন্দ্রে ঢুকতে হবে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমতি নিতে হবে।
কেন্দ্রে কোনো প্রার্থীর কাছে এসব নিষিদ্ধসামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসির নিয়োগ পরীক্ষায় ওই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।
উল্লেখ্য, ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৬ এপ্রিল ২০২৪ (শুক্রবার) সকাল ১০টায়। প্রার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে। এই বিসিএসে এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৩৮ হাজার জন প্রার্থী।