প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৬:৩৬ পিএম

প্রিয় ক্লাবের খেলা দেখার জন্য ইংল্যান্ড থেকে রোম গেলেন দুই ব্রাইটন সমর্থক। কিন্তু খেলা দেখতে স্টেডিয়ামে যাওয়ার আগের রাতেই যে তাদের জন্য দুঃস্বপ্ন অপেক্ষা করছিলো, তা কে জানতো!
গতকাল বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচ। তার আগে বুধবার রাতে রোম শহর ঘুরে বেড়াচ্ছিলেন সেই দুই ইংলিশ সমর্থক। কিন্তু সেটাই কাল হলো তাদের জন্য। ওই দুই ব্রাইটন সমর্থককে কুপিয়ে জখম করে তাদের সঙ্গে থাকা জিনিস-পত্র নিয়ে গেছে দুবৃত্তরা।
ইতালিয়ান মিডিয়ার বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, এক রেস্টুরেস্ট কর্মী মধ্যরাতের খানিক পর পুলিশকে কল করে জানান, দুই বিদেশি তার কাছে এসে সাহায্য চান। তাদেরকে খুব কাছেই ছুরিকাঘাতে আহত করা হয়েছে। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া প্রয়োজন।
ওই দু’জনের একজনের বাম উরুতে তিনটি বড় বড় জখম দেখা গেছে। আরেকজনের ডান উরুতে দেখা গেছে একটি জখম। তারা দাবি করছেন, দুবৃত্তরা ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা ব্যাগ-পত্র নিয়ে গেছে। যেখানে তাদের ওয়ালেট এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
২৮ ও ২৯ বছর বয়সী ওই দুই ব্রাইটন সমর্থককে রোমের আলাদা দুটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।