প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২৬ পিএম

বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে ৬৯ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে তারা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মাধ্যমে এই কর্মীগুলো মালয়েশিয়ায় যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ হলে মালয়েশিয়াগামী কর্মীদের বিএমইটির স্মার্ট কার্ড হস্তান্তর অনুষ্ঠানে এসব তথ্য জানান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী রুহুল আমিন স্বপন।
রুহুল আমিন স্বপন বলেন, ‘এই ৬৯ জন কর্মী নিয়ে ১৮৫ জন কর্মী বিনা খরচে পাঠাচ্ছে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল। এর আগে তিন ব্যাচে ১১৬ জন কর্মী মালয়েশিয়ায় গেছেন। এই কর্মীরা মালয়েশিয়ার ন্যাশনগেট সলিউশন নামক কম্পানিতে কাজ করবেন।’
তিনি আরো বলেন, ‘আইএলও ফেয়ার রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভের আলোকে উচ্চ অভিবাসন ব্যয় রোধে কিছু আন্তর্জাতিক কম্পানি জিরো কস্ট মাইগ্রেশন পদ্ধতিতে কর্মী নিয়োগে সম্মত হয়েছে।
এক্ষেত্রে বিদেশগামী কর্মীর পাসপোর্ট থেকে শুরু করে বিমান টিকেট পর্যন্ত সকল খরচ নিয়োগকর্তা বহন করবে। মালয়েশিয়ায় যাওয়ার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা, ইন্স্যুরেন্স ও বাসস্থানসহ সব খরচ মালয়েশিয়ার নিয়োগকর্তা বহন করবেন। পাশাপাশি নিয়োগকর্তা কর্মীর মানসম্মত আবাসন, বীমা, চিকিত্সা ও কল্যাণ নিশ্চিত করবেন। ১৫০০ রিঙ্গিত বেসিক বেতন ও ২ ঘণ্টা ওভারটাইমে একজন কর্মী মাসে আয় করবেন প্রায় ৫০ হাজার টাকা।