প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৫:২৮ পিএম

দেশের সংগীত অঙ্গনে জনপ্রিয় ব্যান্ড ‘ভাইকিংস’। ২০২২ সালে ব্যান্ডটি তাঁদের পথচলার ২৫ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে প্রকাশ পেয়েছিল ‘হয়তো’ নামের একটি গান। তারপর প্রায় বছরখানেক কেটে গেছে। এবার বিরতি দিয়ে ব্যান্ডটি প্রকাশ করছে তাঁদের নতুন গান ‘জিঘাংসা’। লিখেছেন অন্তরা গোমেজ।
জানা যায়, আজ সন্ধ্যা ৭টায় ভিডিও আকারে প্রকাশ পেতে যাচ্ছে এটি। যা তৈরি হয়েছে এআই প্রযুক্তির সাহায্যে। অ্যাকশন গেমসের মতো করে নির্মিত এ গানচিত্রে অংশ নিয়েছেন ব্যান্ডটির সদস্যরাই, তবে চরিত্রগুলো রাঙানো হয়েছে অ্যানিমেশন রূপে।
‘জিঘাংসা’ গানটি প্রসঙ্গে ইনডিপেনডেন্ট ডিজিটালকে ব্যান্ডটির ভোকালিস্ট তন্ময় তানসেন বলেন, ‘জিঘাংসা অর্থ হচ্ছে হনন করিবার ইচ্ছা। গানটার মধ্যেও এক ধরনের প্রচণ্ড ক্ষোভ বা ঘৃণা থেকে প্রতিশোধ পরায়ণতা তৈরি হওয়ার ব্যাপারটা রয়েছে। হয়তো ঘটনাগুলো কেউ ঘটায় না, তবে বিভিন্ন কারণেই কিন্তু মানুষের মনে এ ধরনের বোধ বা ভাবনা তৈরি হয়। সেই বিষয়গুলোই উঠে এসেছে এই গানে।’
ভক্তদের উদ্দেশে তন্ময় তানসেন জানান, গানটি আরও ছ’মাস আগে প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু নানা ব্যস্ততায় তা পিছিয়ে যায়। এবার রেকর্ডিং, মিক্স-মাস্টারিং শেষে এটি মুক্তি পাচ্ছে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে গঠিত হয় ভাইকিংস। এর দু’বছর পর ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায় সেরা ব্যান্ড হয় তাঁরা। তবে মতবিরোধ ও অভিমানের কারণে ২০০৩ সালে দলটি ইনঅ্যাকাটিভ হয়ে গিয়েছিল। তার ১০ বছর পর ২০১৩ সালে তন্ময়ের পরিচালনায় ‘রানআউট’ ছবির মাধ্যমে গানে ফেরে ভাইকিংস। তাঁদের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘অপেক্ষা’, ‘ভালোবাসি যারে’, ‘অবশেষে’, ‘এলোমেলো ক্রমশ’, ‘দিন যত দুঃখ তত’, ‘নীল হবো’ প্রভৃতি।
ব্যান্ডটির বর্তমান লাইনআপে রয়েছেন-তন্ময় তানসেন (ভোকাল), শুভ (গিটার), আজমাইন আদিল (গিটার), জিয়াউদ্দিন সোপান (বেজ গিটারিস্ট), মাহবুব চৌধুরী (কি-বোর্ড) ও সুশী (ড্রামস)।য় নিহত