প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১:৫২ পিএম

অগ্রিম টাকা নিয়ে কনসার্ট না করার অভিযোগে করা মামলায় গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৩০ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক হুমায়ুন কবির প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত নতুন তারিখ দেন।
প্রসঙ্গত, অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম।
গত ১৭ মে আদালত মামলাটির এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাঈনুল আহসান নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকা চুক্তি হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে সেই টাকা আত্মসাৎ করেন তিনি।