প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০:৪৫ পিএম

শ্রম অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক উদ্যোগের ফলে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞায় পড়ার মতো পরিস্থিতি দেখছে না বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেছেন, সস্তায় পায় বলেই যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পণ্য কেনে।
অন্যদিকে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেছেন, ‘শ্রম অধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস থেকে যে চিঠি দেয়া হয়েছে নির্বাচনের সঙ্গে এই চিঠির সম্পর্ক নেই। বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো কিছুই দেখি না।
বাংলাদেশে সে পরিস্থিতিও নেই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে স্বচ্ছ প্রক্রিয়ায় সব কিছু হয়।’ ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। ১১ দিন ছুটিয়ে কাটিয়ে পিটার হাস এ সপ্তাহে দেশে ফেরার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
এ বৈঠক প্রসঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা করতে ‘রুটিন’ (দৈনন্দিন) বৈঠক করেছেন রাষ্ট্রদূত পিটার হাস এবং পররাষ্ট্রসচিব মোমেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুকে প্রকাশিত ওই বার্তার সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ‘গণতন্ত্র’ শব্দটিও যোগ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রসচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, বৈঠক বিষয়ে তিনি অবগত।