প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৬:০০ পিএম

তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জাহাংগীর আলম বলেন, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা নির্ধারিত ছিল এবং ইতোমধ্যে সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে। এই সময়সীমা বাড়ানোর কোনো সুযোগ নেই।
আচরণবিধি প্রতিপালন নিয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাক্ষাৎ করেছিলেন। বিশেষ করে আইজিপি মহোদয় সামগ্রিক বিষয় অবহিত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় কোনো নির্দেশনা রয়েছে কি-না তা জেনে নিয়েছেন। পরবর্তী সময়ে সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন।
এছাড়া কিছু কিছু প্রার্থী কোনো কোনো জায়গায় আচরণবিধি ভঙ্গ করায় আমাদের নির্বাচনী অনুসন্ধান কমিটি তাদের তলব করেছে। এছাড়া রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাহী হাকিমরাও কাজ করছেন। তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন।
বেশ কয়েকটি দল এখনো মনোনয়নপত্র জমা দেয়নি। ইতোমধ্যে সময় শেষ হয়েছে, আর কোনো সুযোগ আছে কি-না? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব আরও বলেন, সময়সীমা অতিক্রম হয়েছে বিধায় এই সীমা বর্ধিত করণের আর কোনো সুযোগ নেই।