আদালত অবমাননায় বিএনপির সাত আইনজীবীকে তলব
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১২:২৪ পিএম

দুই বিচারপতির পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন এবং মিছিল-সমাবেশ করে আদালত অবমাননার ঘটনায় বিএনপির সমর্থক সাত আইনজীবীকে ব্যাখা দিতে আগামী ১৫ জানুয়ারি তলব করেছেন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।

আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের আইনজীবীদের আদালত চত্বরে মিছিল-সমাবেশ না করতেও নির্দেশ দেন আপিল বিভাগ।

আদালত অবমাননার অভিযোগ ওঠা বিএনপি সমর্থক সাত আইনজীবী হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনে গত ২৭ আগস্টের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের কয়েকটি লাইন উদ্ধৃত করে ২৯ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা আবেদনটি করেন। এতে বিচারপতিদের নিয়ে ব্যানার, লিফলেটসহ বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল ও অবস্থানের ছবি সংযুক্ত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আইন-আদালত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft