প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১১:১৯ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে নিঃশর্ত সংলাপের আহ্বান জানিয়ে জাতীয় পার্টির পর এবার বিএনপিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
এর আগে বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির নেতাদের চিঠি দিয়ে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সোমবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এসংক্রান্ত একটি চিঠি পেয়েছি।’
বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী কারাগারে আছেন।
কমিটির সদস্য শ্যামা ওবায়েদ দলের পক্ষে বিদেশি দূতাবাসে যোগাযোগ করে থাকেন। দলের একটি সূত্র জানায়, শ্যামা ওবায়েদকে ই-মেইলে চিঠি পাঠানো হয়েছে।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নেতাকর্মীরা কেউ যাচ্ছেন না।