প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৪:৫৮ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম আকন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত শহিদুল ইসলাম আকন চিংগড়িয়া গ্রামে গ্রামের হাশেম আকনের পুত্র সে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিংগড়িয়া গ্রামের একই বাড়ীর হারুন আকনের পুকুরে শহিদুল ইসলাম ঘটনার দিন সকালে মাছ ধরার জন্য পানির পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে অচেতন অবস্থায় তাকে প্রতিবেশীরা উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, মরাদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।