প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৪:২০ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকবাহী একটি বাসে অগ্নিসংযোগ দিয়েছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাসের চালক। সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সফিপুর দোকানপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দোকানপাড় এলাকায় মায়ের দোয়া নামের গার্মেন্টস শ্রমিক বহনকারী একটি বাসে এ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
ওই বাসটি কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকা থেকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় শ্রমিক বহন করে। প্রতিদিনের মতো সোমবার সকালে ওই বাস নিয়ে শ্রমিক আনার উদ্দেশ্য বের হন চালক হাবিবুর রহমান। সকালে ওই বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর দোকানপাড় এলাকায় পৌছলে অজ্ঞাত ৫-৭ জন যুবক গতিরোধ করে। পরে তারা লাফিয়ে লাফিয়ে ওই বাসে উঠে। এসময় তারা পেট্রোল দিয়ে বাসটিতে অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে অল্পরে জন্য প্রাণে রক্ষা পান বাস চালক।
এসময় আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি আগুনে পুড়ে যায়।
ওই বাসের চালক হাবিবুর রহমান জানান, সকালে ৫/৭ জন যুবক লাফিয়ে বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অল্পের জন্য আমি প্রাণে বেঁচে গেছি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন ফায়ার ফাইটার আরিফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।
এব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সকালে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।