কাজিপুরে আফাজ ‍উদ্দিন হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই
সিরাজগঞ্জ সংবাদদাতা:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৫:২১ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে চির কুমার আফাজ উদ্দিন ওরফে হুদা মন্ডল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। টাকা ছিনতাই করতেই তাকে খুন করে চার দূর্বৃত্ত। 

আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, আফাজ উদ্দিন হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। নিহত আফাজ উদ্দিন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত মনছুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামের বাসিন্দা। এ হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্ব মাজনাবাড়ী গ্রামের আয়নাল শেখের ছেলে মো. বিপুল মিয়া ওরফে বিপ্লব (২১), একই গ্রামের মো. আল মাহমুদের ছেলে মো. শাহিন মিয়া (১৯) ও জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মালিপাড়া গ্রামের লিটন মন্ডলের ছেলে মো. মোমিনুল ইসলাম মোমিন (২৩)। 

ঘটনার বিবরণ দিতে গিয়ে পিবিআই পুলিশ সুপার বলেন, ২০২৩ সালের ৭ এপ্রিল রমজান মাসে ইফতার শেষে পূর্ব মাজনাবাড়ি নতুন বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন আফাজ উদ্দিন। রাত গভীর হলেও তিনি ফিরে না আসায় ভাই, ভাতিজা ও স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে দুদিন পর ৯ এপ্রিল সন্ধ্যায় ভুট্টা ক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 

এ ঘটনায় নিহতের ভাতিজা ওয়াজেদ আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কাজিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্তকালে সন্দেহভাজন তিনজনকে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ অবস্থায় ১৭ জুলাই পিবিআই মামলার তদন্তভার গ্রহণ করে।

তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সাহায্যে গত রোববার (২২ অক্টোবর) বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে সন্দেহভাজন বিপুল মিয়া ওরফে বিপ্লবকে গ্রেপ্তার করে। এরপরদিন সোমবার (২৩ অক্টোবর) নিজ নিজ বাড়ী থেকে শাহিন মিয়া ও মোমিনুল ইসলাম মোমিনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ইতিমধ্যে আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এ ঘটনায় জড়িত আরও একজন পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft