কারাগারে বসেও জ্যাকুলিনের প্রেমে ব্যাকুল সুকেশ
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৭ পিএম

প্রায় ২০০ কোটি রুপির আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর। বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে তার সম্পর্কের কথা প্রায় সকলেরই জানা। 

কনম্যান সুকেশের সঙ্গে প্রেমে পড়েছিলেন ‘কিক’ খ্যাত অভিনেত্রী। সেই সম্পর্কের জেরে কম ঝামেলা পোহাতে হয়নি তাকে। প্রতারণাকাণ্ডের তদন্তের কারণে গত এক বছরে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকুলিনকে। 

শুধু তাই-ই নয়, অভিনেত্রীর বিদেশযাত্রাতেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। যদিও সম্প্রতি শিথিল হয়েছে সেই কড়াকড়ি। এই মুহূর্তে দিল্লির মান্ডোলি জেলে রয়েছেন সুকেশ। জেলে বসেও প্রেমেই মজে আছেন কনম্যান। 

দূরত্ব সত্ত্বেও জ্যাকুলিনের প্রতি প্রেম ফিকে হয়নি সুকেশের। বরং জেল থেকে একাধিকবার অভিনেত্রীকে প্রেমপত্র লিখেছেন তিনি। সম্প্রতি সুকেশের লেখা সেই প্রেমপত্রেই মিলল ‘জাওয়ান’ যোগ!

গত ৩১ আগস্ট মুক্তি পেয়েছে শাহরুখের পরবর্তী ছবি ‘জাওয়ান’-এর ট্রেলার। তার দিন কয়েক আগে প্রকাশ্যে এসেছিল ছবির প্রেমের গান ‘চলেয়া’। সেই গানে শাহরুখ ও নয়নতারার রসায়ন নজর কেড়েছিল দর্শকের। জেলে বসে সেই গান শুনেছেন সুকেশও। 

শুধু তাই-ই নয়, গান শুনে নাকি আনন্দে নেচে উঠেছিলেন তিনি, দাবি কনম্যানের। কারণ ওই প্রেমের গান শুনে নাকি জ্যাকুলিনের কথাই মনে পড়েছিল তার, দাবি সুকেশের। এমনকি, ‘প্রেমিকা’ জ্যাকুলিনকে ওই গান নাকি নিবেদনও করেছেন তিনি! 

সম্প্রতি জ্যাকুলিনকে লেখা প্রেমপত্রে সেই কথা উল্লেখ করলেন সুকেশ। জ্যাকুলিনের উদ্দেশে সুকেশ লেখেন, “তোমার স্বপ্ন পূরণ করতে আমি দেশে সেরার সেরা পশুপাখির চিকিৎসার হাসপাতাল বানাবো। 

আমার লোকেরা সব ব্যবস্থা করে ফেলেছে, ১১ সেপ্টেম্বর থেকে বিল্ডিং বানানোর কাজ শুরু হয়ে যাবে। পরের বছর ১১ আগস্ট থেকে হাসপাতাল চালু করার কথা ভেবেছি, কারণ ওই দিনই তোমার জন্মদিন!”

জ্যাকুলিনের ইচ্ছাপূরণে নাকি কোনও খামতি রাখছেন না সুকেশ। পশুপাখির হাসপাতালের জন্য গোটা দেশের সেরা চিকিৎসকদের নিয়ে আসার প্রতিশ্রুতি পর্যন্ত দিয়েছেন তিনি!

জ্যাকুলিনের মুখে হাসি ফোটানোর জন্য তিনি সব করতে পারেন, এই দাবি এর আগেও একাধিকবার করেছেন কনম্যান সুকেশ। যদিও নিজের পক্ষ থেকে সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক কখনওই জনসমক্ষে স্বীকার করেননি বলিউড অভিনেত্রী। 

তাতে অবশ্য নির্বিকার সুকেশ। জেলে বসেই ‘প্রেমিকা’কে একের পর এক প্রেমপত্র লিখে চলেছেন ২০০ কোটি রুপির তছরুপে অভিযুক্ত কনম্যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft