প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২২ পিএম

মানিকগঞ্জের ঘিওরে পাঁচ লাখ টাকার মাদকসহ মাসুদ রানা রাসেল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দিবাগত রাতে উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের দক্ষিণ তরা এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। রাসেল ওই এলাকার আতোয়ার হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানা রাসেলকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য পাঁচ লাখ ৪ হাজার টাকা। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, রাসেলের বিরুদ্ধে ঘিওর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এছাড়াও তার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন বলেও জানান তিনি।