দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা
প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৭ পিএম

দলে মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন শরীয়তপুরের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। একইসঙ্গে তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে সেই দলে যোগ দেন। দল পরিবর্তন করা ওই ব্যক্তি হলেন-শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাসেম সরদার। তবে ওই ব্যক্তি আওয়ামী লীগের কেউ নন বলে দাবি করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি। 


শুক্রবার সকালে জেলা শহরের ধানুকা রাণীমহলে আয়োজিত বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি সবার সামনে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেন। এসময় জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। 

এ বিষয়ে হাসেম সরদার গণমাধ্যমকে বলেন, ‘আমি ৪০ বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি। আওয়ামী লীগের জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য রাজপথে অনেক লড়াই-সংগ্রাম করেছি। অত্যাচার-নির্যাতন সহ্য করেছি।’ 

তিনি আরো বলেন, ‘কিন্তু দল আমার মতো ত্যাগী কর্মীকে মূল্যায়ন না করে সুবিধাবাদী, নব্য হাইব্রিড আওয়ামী লীগারদের মূল্যায়ন করছে। তাদের সঙ্গে নিয়ে রাজনীতি করছে। আর ত্যাগী নেতা-কর্মীদের দলে কোণঠাসা করে রেখেছে। তাই আমি দুধ দিয়ে গোসল করে, তওবা পড়ে বিএনপিতে যোগ দিয়েছি। এখন থেকে আমি আওয়ামী লীগ সরকারের পতনে বিএনপির সঙ্গে লড়াই-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকব।’ 

এ বিষয়ে শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, ‘হাসেম সরদার বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই। তিনি নিজেকে আওয়ামী লীগ বলে দাবি করতেন। মূলত তিনি বিএনপিরই লোক।’ 

তবে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসেম সরদার প্রায় ৪০ বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সক্রিয় কর্মী ছিলেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft