প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫১ পিএম

শেরপুরে দশানী নদী ভাঙনে বিলীন হচ্ছে তীরবর্তী এলাকা। ইতোমধ্যে প্রায় ১ কিলোমিটার এলাকার ভাঙনে বাড়ি, বৈদ্যুতিক লাইন, শতাধিক একর আবাদি জমি পানির নিচে তলিয়ে গেছে।
এ ছাড়া হুমকিতে আছে ৪০বছরের পুরনো বাজার, একমাত্র প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ শতাধিক ঘরবাড়ি।
জানা যায়, গত’ক বছরের ভাঙনে মূল নদীর গভীরতা কমে গতিপথ এখন লোকালয়ের দিকে। এতে সপ্তাহের ব্যবধানে মূল নদী থেকে শতাধিক মিটার ভাঙনের সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রত্যন্ত চরের কৃষকের ধান ও সবজিক্ষেত নদীতে বিলীন হয়ে গেছে।
টিউবয়েল ও টয়লেট নদীতে চলে যাওয়ায় কয়েকটি পরিবারের নিরাপদ খাবার পানির তীব্র অভাব দেখা দিয়েছে। এ ছাড়া কয়েকটি পরিবার বাড়ি সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে।
ভাঙনের হাত থেকে রক্ষায় শক্তিশালী পাইলিং করে স্থায়ী বাঁধ নির্মাণ করে ৭নম্বর চর এলাকাকে রক্ষার দাবি স্থানীয়দের। ১নং ওয়ার্ডের সাবের মেম্বার বলেন, আমার বাড়ি এবার নিয়ে ৫বার নদীতে চলে গেল।
প্রতিবার নদীর ভাঙনে বাড়ি পেছনের দিকে সরিয়ে নিলেও এবার আর জায়গা নেই। এবার সবটুকু ভাঙলে আমাকে রোহিঙ্গা হতে হবে।
কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, গতবারের ভাঙনে পানি উন্নয়ন বোর্ডকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি। এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারসহ সরেজমিন পরিদর্শন করেছি। আশা করি,ব্যবস্থা হবে।
এ ব্যাপারে ’শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌস সাংবাদিকদের বলেন,আমি ৭নং চর এলাকা নিজে পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রæত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।’