জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুন্দরবনে হচ্ছে ‘ম্যানগ্রোভ গ্রাম’
মোংলা প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৯:১৯ পিএম

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মোংলায় সুন্দরবনের পাশে এবার নতুন করে সৃষ্টি করা হচ্ছে ‘ম্যানগ্রোভ গ্রাম’। সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার সকালে বিভিন্ন প্রজাতির বনজ গাছ বিতরণের মধ্যদিয়ে এ 'ম্যানগ্রোভ গ্রাম' সৃষ্টি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। 

এ সময় স্থানীদের মাঝে ২হাজার কেওড়া ও ২হাজার গোলপাতা গাছের চারা বিতরণ করা হয়। এর আগে এলক্ষে লবণসহিষ্ণু ১৫হাজার নারকেল, কদবেল ও সফেদা গাছ বিতরণ করা হয়েছে। এ সময় ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্যদের মাঝে ম্যানগ্রোভ নার্সারি পরিচর্যার সরঞ্জামাদিও বিতরণ করা হয়। আর এ ম্যানগ্রোভ গ্রাম সৃষ্টির কাজ করছেন বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক। 

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচীর প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগমসহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। 

উল্লেখ্য, গোলপাতা গৃহনির্মাণ উপকরণ ও গৃহস্থালীয় আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। গোলপাতা ফলের রস থেকে গুড় তৈরি করা হয়, যা ক্রমশ জনপ্রিয় হচ্ছে। কেওড়ার আচার ও কেওড়ার পানি মুখরোচক খাবার। কেওড়া ফুলের মধুও বেশ উন্নতমানের। এ সকল পণ্যের বাজার দর ও চাহিদা ব্যাপক। 

তবে ম্যানগ্রোভ বনের বড় অবদানটি অন্য জায়গায়।এটি চলমান বৈশ্বিক ইস্যু জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাহায্য করে। বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধির ফলে ঘটছে জলবায়ু পরিবর্তন। আর এই কার্বন-ডাই-অক্সাইড শোষনের ক্ষমতা সাধারণ গাছের তুলনায় ম্যানগ্রোভ বনের গাছের ক্ষমতা চারগুণ বেশি। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ম্যানগ্রোভ বনায়নকে অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। 

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের দেশ হিসেবে বাংলাদেশ ম্যানগ্রোভ বনায়নে বিশ্ব সম্প্রদায়ের কাছে অঙ্গীকার করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং রাষ্ট্রীয় এই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে ব্র্যাক। এইচএসবিসি ব্যাংক ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে যৌথভাবে ব্র্যাক চট্টগ্রামের মীরসরাইতে এরই মাঝে গড়ে তুলেছে একটি কৃত্রিম ম্যানগ্রোভ বন। ব্যক্তি পর্যায়ে ম্যানগ্রোভ বনায়নে সুন্দরবন লাগোয়া এলাকায়ও আগে থেকেই কাজ করছে সংস্থাটি।

পাশাপাশি সুন্দরবনের আশেপাশের এলাকার বিভিন্ন জনপদের মানুষের সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আরো নানাভাবে কাজ করছে ব্র্যাক। 

এরমধ্যে মোংলার মানুষের নিরাপদ পানীয় জলের সমস্যা নিয়ে ২০১৯সাল থেকে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সংস্থাটি। ডেনমার্ক সরকারের সহায়তায় এই প্রকল্পের আওতায় উপজেলাটির ৬৭হাজার ৩শ মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে ‘বৃষ্টির পানি সংরক্ষণ প্রযুক্তি’ প্রদাণের কাজ চলছে ব্র্যাকের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খুলনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft