প্রকাশ: রোববার, ২৭ আগস্ট, ২০২৩, ৮:২৫ পিএম

এশিয়া কাপ শুরু হওয়ার দুই দিন আগে দলে পরিবর্তন আনল পাকিস্তান। মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন তৈয়ব তাহির।
তার জায়গায় দলে আনা হয়েছে সাউদ শাকিলকে। আফগানিস্তানের বিপক্ষে শনিবার শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন তাহির।
কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া এই মিডল অর্ডার ব্যাটারকে এশিয়া কাপে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।
গত মার্চে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ৩০ বছর বয়সী তাহিরের। দেশের হয়ে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলে তিনি ৩৯ রান করেছেন। ওয়ানডে অভিষেক এখনো হয়নি।
খন পর্যন্ত ৫৩ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৪৪.২৩ গড়ে করেছেন ২৩০০ রান। চার সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন ১৬টি। পাকিস্তানের এশিয়া কাপের রিজার্ভে তালিকায় শুধু তাহিরের নামটাই আছে।
অন্যদিকে টেস্ট ক্রিকেটে দারুণ ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে আফগান সিরিজে সুযোগ পান শাকিল।
এক ম্যাচ খেলে করেন ৬ বলে ৯ রান। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ছয়টি ওয়ানডে খেলা শাকিল শুরুতে এশিয়া কাপের দলে ছিলেন না।
হুট করেই তিনি সুযোগ পেলেন। এখন পর্যন্ত সাত টেস্ট খেলে ৮৭.৫০ গড়ে শাকিলের রান ৮৭৫। দুই সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন ছয়টি। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে খেলেন ২০৮ রানের অপরাজিত ইনিংস।
পাকিস্তানের এশিয়া কাপ দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ফাখার জামান, আবদুল্লাহ শাফিক, ইমাম-উল-হাক, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, উসামা মির, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম।
রিজার্ভ : তৈয়ব তাহির।