তামিমের রিপোর্ট দেখে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল পাপনের
প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১২:৩৯ পিএম

সম্প্রতি লন্ডনে চিকিৎসক দেখিয়ে ফিরেছেন তামিম। এরপর বৃহস্পতিবার বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। রাতে তিনি ঘোষণা দেন নেতৃত্ব ছাড়ার। 

জানানো হয়, এশিয়া কাপে খেলছেন না এই বাঁহাতি ওপেনার। এই সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতির কাছে প্রশ্ন ছিল, তামিমের ইনজুরি কি এখন পরিষ্কার বিসিবির কাছে?

তিনি বলেন, ‘তামিম কিন্তু ঢাকাতেও এমআরআই স্ক্যান যা যা করার সব করেছে, ভারত-ব্যাংকক-লন্ডনে নিজের থেকে চিকিৎসক দেখিয়েছে। এবার প্রথম দুবাই থেকে একটা রিপোর্ট পাঠায় ওটা দেখে আমি দেখি যে একটা সমস্যা আছে। দেখার পরই আমি ওকে বলেছি তুমি দেবাশীষসহ আমাকে ফোন কল করো। আমাকে কেন বলা হয়নি।’

তামিমের সেই চোটের খবর নিয়ে পাপন বলেন, ‘আমার তো মেজাজই গরম হয়ে গেল রিপোর্ট দেখার পর। এই ব্যাপারটা আমাদের আরও ইনভেসটিগেট করে বের করা দরকার। এটা যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে তাতে একটা ব্যাপার আছে। এটা হওয়ার কথা না।’

‘এটা যদি ২০২২ এ হয়ে থাকে তাহলে এতদিনে ভালো হয়ে যাওয়ার কথা। তো নিশ্চয়ই এটা নিয়ে অবহেলা করা হয়েছে, এজন্যই আমাদের এরকম কথা এখন শুনতে হচ্ছে। আগে থেকে চিকিৎসা করা হলে এতদিনে ভালো হয়ে যেত।’- যোগ করেন পাপন।

এ নিয়ে কথা বলেন তামিমও, ‘পাপন ভাইয়ের সঙ্গে…আমার যে সমস্যা সেটা নভেম্বর থেকেই ছিল। কিন্তু কথা হল উনাকে তো কেউ একজন জানায়। আমি তো আগে পাঠাইনি উনাকে। যখন প্রথম পাঠাই উনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলছে এ কথা আমাকে জানানো হয়নি কেন এতদিন, আমার সঙ্গে কথা বলিয়ে দাও। যাই হোক, আমরা যদি খোলাখুলি মনোভাবে থাকি তাহলে এই সমস্যাগুলো হয় না। তো আমরা এখন পুরোপুরি পরিষ্কার যে গত ছয় মাসে কী হয়েছে।’

লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে দুটি ইনজেকশন নিয়েছেন তামিম। এখন আপাতত পূর্ণ বিশ্রামে আছেন তিনি। এরপর ধীরে ধীরে ফিরবেন ব্যাটিংয়ে। চলতি মাসের শেষ দিকে শুরু হওয়া এশিয়া কাপ না খেলে পুরোপুরি ফিট হয়ে ফেরার আশা তামিমের। তার প্রত্যাশা, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে তাকে।

তিনি বলেন, ‘আমিও পুরোপুরি নিশ্চিত নিউজিল্যান্ড সিরিজে ফিরতে পারবো। যেন কোন বাড়তি কোন সমস্যা না হয় এ কারণেই বাড়তি সময়টা নেওয়া। যেন আমি সেরা অবস্থায় নিউজিল্যান্ড সিরিজে ফিরতে পারি। এখানে এশিয়া কাপে খেলার ব্যাপারে যদি একটা জোরাজুরি করতাম, তাহলে এশিয়া কাপ খেলতে পারতাম। কিন্তু ওইটা কেউই চাচ্ছে না এজন্য এই সিদ্ধান্ত নেওয়া।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft