
ত্রিনেত্রা হালদার গুম্মারাজু। ভারতের কর্ণাটকের প্রথম ট্রান্সজেন্ডার ডাক্তার তিনি। যিনি কিনা ২১ বছর বয়সে নিজের লিঙ্গ-নিশ্চিতকরণের জন্য অস্ত্রোপচার করেছিলেন।
আর সেকথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে বহু মানুষের সমর্থন এবং ভালোবাসাও পেয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি ‘ট্রিনট্রিন’ নামে পরিচিত এবং বেশ জনপ্রিয়ও বটে।
এবার তিনি আমাজন প্রাইমের ‘মেড ইন হেভেন-টু’ সিরিজের সিরিজের মাধ্যমে অভিনয়ে পা রাখেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মেড ইন হেভেন-টু’-এর ট্রেইলার। সেখানেও তাকে রূপান্তরকামী নারী হিসাবেই দেখা গেছে, যাকে কিনা একটি ওয়েডিং প্ল্যানার হিসাবে কাজ করতে দেখা যায়।
‘মেড ইন হেভেন টু’তে ত্রিনেত্রার রূপান্তরকামী চরিত্রটিকে ধীরে ধীরে নিজের পরিচয়ে খুঁজে পেতে এবং প্রকৃত ভালোবাসা খুঁজে পেতে দেখা যায়।
মঙ্গলবার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে নিজের চরিত্র প্রসঙ্গে মুখ খুলেছেন ত্রিনেত্রা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তার কথায়, তিনি এই চরিত্রটিতে অভিনয়ে ‘না’ করতে পারতেন, তবে তিনি ঠিক করেন, যেমনই হোক তিনি এই চরিত্রে অভিনয় করবেন।
ত্রিনেত্রা জানান, তিনি যখন ডাক্তার হিসেবে ইন্টার্ন করছেন তখন এই শো-টির জন্য অডিশন দিয়েছিলেন। চিত্রনাট্য শুনেই তার মনে হয়েছিল এটা তাকে করতেই হবে, কারণ রূপান্তরকামী নারী হিসাবে চিত্রনাট্যটি তার হৃদয়ের ভীষণ কাছের ছিল। তার কথায়, এখানে আমি অভিনয়ের সঙ্গে গল্প বলাকেও গুরুত্ব দিতে চেয়েছিলাম।
ত্রিনেত্রার কথায়, ‘আমি চেয়েছিলাম, রূপান্তরকামী নারীদেরও নারী হিসেবেই দেখা হোক। তারা তাদের সঙ্গে নারীদের মতোই ব্যবহার করা উচিত। তারাও এদেশে ভালোবাসা, শ্রদ্ধা, সফলতা আশা করেন। এই দেশে ৯৯ শতাংশ পরিবার আমাদের দূরে ঠেলে রাখে। আমি তুলে ধরতে চাই, অল্প গ্রহণযোগ্যতা এমন নারীদের কোথায় নিয়ে যেতে পারে!’
প্রসঙ্গত, ১০ আগস্ট থেকে আমাজন প্রাইমে দেখা যাবে ‘মেড ইন হেভেন টু’ সিরিজটি। এটি পরিচালনা করেছেন জোয়া আখতার ও রীমা কাগতি।