প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ১০:১০ পিএম

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৭৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন বলেন, জুন মাসে সারা দেশের হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ৫ হাজার ৫৬ জন। জুলাই মাসে আজ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৮ হাজার ৪২৯ জন। অর্থাৎ জুলাই মাসে জুনের তুলনায় ৭ গুণেরও বেশি রোগী হাসপাতালে ভার্তি হয়েছে।
ডা. শাহাদাত হোসেন জানান, এ বছর এখন পর্যন্ত শতকরা বিবেচনায় পুরুষ ডেঙ্গু রোগী ৬৪ শতাংশ, আর নারী ৩৬ শতাংশ। মধ্যবয়সী যারা, বিশেষ করে ১১ থেকে ৫০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন। ঢাকার ভেতরে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা হাসপাতালে। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হার ঢাকার বাইরের তুলনায় বেশি।
তিনি জানান, বর্তমানে রাজধানীর অনেক হাসপাতালে ডেঙ্গু রোগীর শয্যা পূর্ণ হয়ে গেছে, কিছু হাসপাতালে অল্পকিছু সিট খালি আছে।পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। হাসপাতালে এসে যাতে ডেঙ্গু রোগীরা চিকিৎসা সেবা নিতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে।