প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৫:৪৮ পিএম

শেরপুর সদর উপজেলার মুলাখেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বলাইয়েরচর ইউনিয়নের রামেরচর গ্রামের মূলাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের নাম কবেজ উদ্দিন (৫৬)। সে রামেরচর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
পরিবারের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। থানা- পুলিশ নিহত কবেজ উদ্দিনের স্বজনদের বরাতে জানায়, কবেজ উদ্দিন গতকাল বুধবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।
খোঁজাখুঁজি করেও স্বজনেরা সন্ধান পাননি। গতকাল সকালে এলাকার লোকজন এক মুলাখেতে লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সকালে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহম্মেদ দৈানক জবাবদিহিকে বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতের শরীরে অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।