প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ২:৪২ পিএম

যুক্তরাষ্ট্র সফরে থাকা বার্সেলোনার জন্য অভিজ্ঞতা সুখকর হয়নি গতকাল। আর্সেনালের কাছে ৫-৩ গোলে হেরে বসেছে জাভি হার্নান্দেজের দল।
গতকাল বৃহস্পতিবার (২৬ জুলাই) যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে লিড পেয়েছিল বার্সেলোনা। পাল্টা আক্রমণ থেকে বাঁ-পায়ের উঁচু শটে বল জালে জড়ান রবার্ট লেভান্ডোভস্কি। ছয় মিনিট পর সমতায় ফেরে আর্সেনাল। ডান পায়ে লক্ষ্যভেদ করেন বুকায়ো সাকা।
বক্সের ভেতর সেন্টার ব্যাক রোনাল্ড আরাউজোর হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ২২ মিনিটে বুকায়ো সাকা বাজেভাবে স্পট কিক নেয়ায় গানাররা এগিয়ে যেতে পারেনি।
খেলার ৩৪ মিনিটে বাঁ-পায়ের দারুণ ফ্রি-কিকে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। বিরতির আগেই অবশ্য মার্টিন ওডেগার্ডের অ্যাসিস্টে বল নিয়ে আর্সেনালকে সমতায় ফেরান কাই হাভার্টজ।
দ্বিতীয়ার্ধে পাল্টাতে থাকে ম্যাচের দৃশ্যপট। ৫৫ মিনিটে বেলজিয়ান উইঙ্গার লিয়েন্দ্রো ট্রসার্ডের গোলে লিড পায় আর্সেনাল। ইংলিশ ক্লাবটির হয়ে ৭৮ মিনিটে ট্রসার্ড আবারো জালের দেখা পান।
উসমানে ডেম্বেলের পাসে বল নিয়ে ৮৮ মিনিটে ফেররান তরেস গোল করলে শেষদিকে ম্যাচ বাঁচানোর আশা দেখেছিল বার্সা। পরের মিনিটেই কাতালান ক্লাবটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন পর্তুগালের অনূর্ধ্ব-২১ দলের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্যাবিও ভিয়েরা।