প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৩:৩৪ পিএম

মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে মৎস্য সেবা সপ্তাহ উদযাপন করেছে পাবনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
মৎস্য সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে জেলা পরিষদের রশিদ হল রুমে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন-পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জিয়াউর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদসহ একাধিক মৎস্য উদ্যোক্তা।
বক্তারা বলেন, পরে থাকা জলাশয়গুলোকে কাজে লাগাতে পারলে মাছ উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এছাড়া শুধু উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদিত মাছ যেনো প্রত্যেকের জন্য নিরাপদ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনি যেটা উৎপাদন করছেন, অন্যজন সেটি খাবেন। অন্যরা যেনো স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন সেদিকটা লক্ষ্য রাখা মৎস্য চাষীদের দায়িত্ব। শুধু স্মার্ট বাংলাদেশ গড়তে চাইলেই হবে না। আগে নিজেদের স্মার্ট করতে হবে, সৎ উদ্দেশ্য ও সচেতনতাবোধ থাকতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব বলে জানান তারা।
শেষে একাধিক উদ্যোক্তাদের মৎস্য খাতে অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।