প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৩:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমি বনাম হাবিবুর রহমান হাবিব ফুটবল একাদশের মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৭ জুন) বিকেলে উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন কালঘরা খেলার মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হাবিবুর রহমানের আয়োজনে অর্ধলাখ দর্শকের সমাগমে টান টান উত্তেজনাপূর্ণ এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে হাবিবুর রহমান হাবিব ফুটবল একাদশ জয় লাভ করেন।
খেলা উপভোগ করতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে এক নজর দেখতে নবীনগর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অর্ধলাখ দর্শকের সমাগমে ম্যাচটি আরও উপভোগ্য হয়ে উঠে।
এসময় প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. শফিকুর রহমান, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন, এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম প্রমুখ।
এসময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, এ দেশের ফুটবলকে বাঁচানোর জন্য বুড়া বয়সে ফুটবল খেলি। আজ আমি পাঁচ লাখ টাকা রেখে খেলায় আসছি। খেলায় না এসে কোর্ট করলে পাঁচ লাখ টাকা পেতাম। অথচ এ খেলায় এসে আমার পায়ে ব্যথা পাইছি। আমি পাঁচ মিনিট শুনানি করলে পাঁচ লাখ টাকা পাই।
আপনারা বলতে পারেন এভাবে পাঁচ লাখ ১০ লাখ টাকা রেখে আপনি যে খেলেন লাভ কি? আমরা যাদের কাঁধে মাথা রেখে কাঁদতে পারার কথা, যারা আমাদের ফুটবল টাকে আগানোর কথা। এরা লুটপাট করে ফুটবলকে ধ্বংস করে দিয়েছে। তাই আমি বুড়া বয়সে মাঠে নেমেছি ফুটবলকে বাঁচানোর জন্য।